
আলোকিত সময় ডেস্ক নিউজঃ আজ ৮ অক্টোবর ২০২৬ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা, ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন আবুল কাশেম মার্কেটে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আকস্মিক এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, এই জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে জানমাল রক্ষায় কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনকে আগুন নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।


















