
অনলাইন প্রতিবেদক :
রাজধানীতে শুরু হয়েছে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬। খেলাধুলার মাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশান ক্লাব লিমিটেডের টেনিস কোর্টে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
এবারের অলিম্পিয়াডে দেশের ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জনেরও বেশি প্রতিযোগী ১৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিনব্যাপী এ ক্রীড়া উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, অলিম্পিয়াডের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের বক্তব্য এবং ইগলের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী সন্ধ্যার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড আয়োজক কমিটি ২০২৬-এর চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০১৯ সালে ছোট পরিসরে শুরু হওয়া এ আয়োজন বর্তমানে সামাজিক ক্লাবগুলোর একটি বড় ক্রীড়া মঞ্চে পরিণত হয়েছে। প্রতিটি ক্লাবকে এবারের আসরও সফল করে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতার চেতনা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশনস অফিসার খালেদ আজিজ। তিনি বলেন, গত বছরের মতো এবারও অলিম্পিয়াডের ডায়মন্ড পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ক্লাবগুলোর মধ্যে খেলাধুলা, সুস্থতা ও সৌহার্দ্য ছড়িয়ে দিতে ব্যাংকটি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
প্লাটিনাম পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসির পক্ষ থেকে বক্তব্য দেন প্রায়োরিটি অ্যান্ড উইমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান মিজ তানজেরি হক। গোল্ড পার্টনার প্রাইম ব্যাংক পিএলসির পক্ষ থেকে বক্তব্য দেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মিজ নাবিলা খালিদ।
গোল্ড পার্টনারদের তালিকায় আরও রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সহযোগিতার জন্য আয়োজক কমিটি অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠানের মূল বক্তব্য দেন গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি ও অলিম্পিয়াড আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু)। তিনি বলেন, প্রতিবছর আরও বেশি ক্লাব, ক্রীড়াবিদ ও সমর্থকের অংশগ্রহণে অলিম্পিয়াডের পরিসর বাড়ছে। ভবিষ্যতে এ আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ গোলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অলিম্পিয়াড আয়োজক কমিটির ভাইস-চেয়ারম্যান তানভীর ইসলাম।
এবারের আয়োজনের পরিসরও বাড়ানো হয়েছে। ফুটবল, ব্যাডমিন্টন, প্যাডেল, বাস্কেটবল ও ম্যারাথনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বসুন্ধরায় অবস্থিত আনভীর বসুন্ধরা গ্রুপ স্পোর্টস সিটিতে (এবিজিএসসি)। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভেন্যুতে প্রতিযোগীরা অংশ নেবেন। ক্রিকেট অনুষ্ঠিত হবে আনভীর ক্রিকেট গ্রাউন্ডে এবং গলফ প্রতিযোগিতা হবে কুর্মিটোলা গলফ ক্লাবে।
আয়োজকদের প্রত্যাশা, এবারের অলিম্পিয়াডের মাধ্যমে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
এবারের আয়োজনে ডায়মন্ড পার্টনার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং প্লাটিনাম পার্টনার হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি রয়েছে। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।
এ ছাড়া সিলভার পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও জিএস (ডিএইচএস মোটরস)।
টি স্পোর্টস ব্রডকাস্ট পার্টনার, তুরাগ অ্যাকটিভ অ্যাপারেল পার্টনার, এমজেআই স্ক্যাক্স পার্টনার, ফ্রেশ বেভারেজ পার্টনার, ইভার্ক হাসপাতাল হেলথ পার্টনার, মাউন্ট এলিজাবেথ (আইএইচএইচ হেলথকেয়ার) ওয়েলনেস পার্টনার, এসএমআই ইলেকট্রোলাইট ড্রিংকস হাইড্রেশন পার্টনার, মম এইচটু ও পার্টনার এবং পোলার আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার ও ডেইলি সান। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভি।
আয়োজক কমিটি জানায়, দেশের সব ক্লাব, সদস্য, ক্রীড়াবিদ, কর্মকর্তা, স্পনসর, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীদের আগামী ১০ দিনব্যাপী এ অলিম্পিয়াডের সঙ্গে থাকার এবং খেলাধুলা ও বন্ধুত্বের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।





















