
নওগাঁ প্রতিনিধিঃ দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ),জেলা প্রশাসন, নওগাঁ ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁর যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের অফিস চত্বর, নওগাঁ থেকে বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নওগাঁয় এক আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি শুধু একটি ছড়ি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মবিশ্বাস, নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের প্রতীক। স্মার্ট সাদাছড়ি ব্যবহারের মাধ্যমে তারা বাধা শনাক্ত করে নিরাপদে চলাচল করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



















