
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কুলাউড়া উপজেলার ১১নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার( ৯ অক্টোবর) পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাঁকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর আজ কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় উত্তর হিঙ্গাজিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।























