
সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্টে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক মো. নাসির মিয়া (৪৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া সিলেটের এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে।
এসআরবি-৯ জানায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত ও তানিয়া বেগমসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করলে এসআরবি-৯ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি নাসির মিয়াকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















