
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে ইংরেজি মাসের জোড় তারিখে লাল রঙের এবং বিজোড় তারিখে সবুজ রঙের অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলামের উদ্যোগে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি মাসের জোড় তারিখে শুধু লাল রঙের অটোরিকশা এবং বিজোড় তারিখে সবুজ রঙের অটোরিকশা চলাচল করবে। নির্ধারিত নিয়ম অমান্য করে অটোরিকশা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের বিভিন্ন সড়কে অটোরিকশার চাপ কমানো, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নতুন এ নিয়ম বাস্তবায়নের মাধ্যমে শহরের যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত নিয়ম মেনে অটোরিকশা চলাচল নিশ্চিত করতে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।



















