
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন চরমপন্থি দলের ৬৫ সদস্য অস্ত্রের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন। রবিবার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, ‘যারা এখনো ভুল পথে রয়েছেন, তাঁদের প্রতি আমার অনুরোধ, আপনারা এখনই সঠিক পথে ফিরে আসুন। কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা বা চরমপন্থি হয় না। বিভিন্ন কারণে মানুষ ভুল পথে পা বাড়ায়। আজ যারা ভুল পথ ছেড়ে সঠিক পথে এসেছেন, তাঁরা নিজেদের পরিচিত অন্যদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করে তুলতে প্রকল্পভিত্তিক কার্যক্রম নেওয়া হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান।
এ ছাড়া আত্মসমর্পণকারী পাবনার চরমপন্থি দলের সদস্য আয়নুল হক ও আলম শেখ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত সময়/রেবারা









