
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই নভেম্বর শুক্রবার রুরাল জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আরজেডিএস)-এর আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, গ্রামীণফোনের সাবেক এরিয়া ম্যানেজার মাহমুদ হাসান শহীদ এবং সাইবার বিশেষজ্ঞ কুমার কাকন উজ্জ্বল ও জায়েদ ইবনে হারুন।
প্রশিক্ষণ পর্বে বুনিয়াদি সাংবাদিকতা (বেসিক জার্নালিজম), ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা (সাইবার সিকিউরিটি) এবং আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ব্যবহার ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য যাচাই ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক (সাব্বির) ও সাধারণ সম্পাদক আল আমিন গাজীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরজেডিএস-এর কর্মী সুব্রত ঢাকী, সৈয়দ জিহাদ হোসেন ও সিয়াম।
আলোচনা ও প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ তাদের পেশাগত কাজে নতুন গতি আনবে। তারা এই উদ্যোগের জন্য আয়োজক ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোকিত সময়/রেবারা



















