
পারভেজ মাহমুদ, জেলা প্রতিবেদক বরিশালঃ বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল বাজার এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ই অক্টোবর সকাল ১১টায় নগরীর সোনামিয়ার পুলের বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় ২০০৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছিল। ওই এলাকায় থাকা প্রায় ৫০ একর সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানান তারা।
ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিন।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য সিরাজুল হক মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। বক্তারা অবিলম্বে সরকারি খাস জমি চিহ্নিত করে তা দখলমুক্ত করার পাশাপাশি ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


























