
আলোকিত সময় ডেস্ক নিউজঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের করণীয়, বর্জনীয় ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য ও নির্দেশাবলী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোনাববর হোসেন। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন,
”সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন মিলনমেলা। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করা যাবে না।”
পুলিশের বিশেষ বার্তা
বিশেষ অতিথির বক্তব্যে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজাহার উদ্দিন বলেন,
”আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল, ইভটিজিং রোধ, এবং সার্বিক শান্তি বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সার্বক্ষণিক সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে অবিলম্বে নিকটস্থ পুলিশ ক্যাম্প বা থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।”
অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী। তিনি বলেন, উপজেলাজুড়ে স্থাপিত প্রতিটি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত অর্পিত দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা কবিতা রানী রায়, ব্যাটালিয়ন সদস্য, দলনেতা-দলনেত্রী এবং বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তাবেষ্টনী ও সমন্বিত পরিকল্পনা
ব্রিফিং শেষে অতিথিরা উল্লেখ করেন যে, একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় আনসার-ভিডিপি এবং পূজা উদযাপন পরিষদের কর্তাব্যক্তিদের মধ্যে নিরবচ্ছিন্ন পারস্পরিক যোগাযোগ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।



















