
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে বরিশাল পুলিশ লাইন্সে অবস্হিত ১০৫ নং দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭শে নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খাদিজা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা, নিয়মানুবর্তিতা মেনে চলা এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করেন অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনার পাশাপাশি আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শিক্ষার্থীদের সাজানো বিভিন্ন স্টলে স্থান পায় পোয়া, কুলি, ফুল, কুমড়া ফুলের পিঠা, পাটিসাপটা পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা। পাশাপাশি ছিল পায়েস ও জর্দার আয়োজন।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দমুখর। বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি উদযাপিত হয়, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
আলোকিত সময়/রেবারা



















