
অনলাইন প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে মফিজুর রহমান শাহিন নামে ঝালকাঠি জেলা যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
পুলিশ জানায়, রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার তথ্য রয়েছে শাহিনের বিরুদ্ধে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।




















