
ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় মেঘনা নদীতে পরিচালিত অভিযানে ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় মাছ ধরার দুটি ট্রলারও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনার বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় ১০ জেলেকে আটক করা হয়।
পাশাপাশি মাছ ধরার দুটি ট্রলার জব্দ করে মৎস্য প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন আটক জেলেদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০), মো. সুমন (৩২), মো. ইব্রাহিম (২৫), মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মো. রাকিব (২৫)। তাঁদের সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিন সরকারি আইন অমান্য করে কেউ মাছ শিকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।



















