
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কোমলমতি ইয়াতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর আমানতগঞ্জ পীর সাহেব রোডে অবস্থিত মাওলানা ইয়াছিন রহমাতুল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা (ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)-এ এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ও সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে কলম, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চকলেট ও টিস্যু বিতরণ করা হয়।
লাভ ফর ফ্রেন্ডস সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইয়াতিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।



















