
এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে কন্যাশিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা সুযোগ পেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। তাই তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



















