
(নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ, সংরক্ষণ এবং তা সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে অর্থ আত্মসাৎ করার অপরাধে ২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় লালপুর থানাধীন উধনপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ নাদিম মাহমুদের টিনসেট ঘরে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ নাদিম মাহমুদ (২৩), পিতা: মোঃ মাহমুদুন নবী এবং ২. মোঃ স্বাধীন আলী (২৪), পিতা: মোঃ রফিকুল ইসলাম; উভয় সাং-উধনপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে “Chamet” অ্যাপস ব্যবহার করে নারীদের গোপনে অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ এবং সংরক্ষণ করে আসছিল। পরবর্তীতে ধারণকৃত ওই ভিডিওগুলো সংশ্লিষ্ট নারীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
অভিযানকালে আসামিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন সহ সর্বমোট ৩টি মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৭) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (০৮ অক্টোবর, ২০২৬) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
























