
নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর ২০২৬
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ৫৫ মিনিটের দিকে ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পাওয়া কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
আটকের আগে জ্যোতিকা জ্যোতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার লাইভে আসেন। এ সময় তাঁর বাসার বাইরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। লাইভে তিনি কেন তাঁকে আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক
২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে গ্রুপের কয়েকজন সদস্যের নেতিবাচক মন্তব্য প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন জ্যোতিকা জ্যোতি।
তবে তাঁর বিরুদ্ধে কোন নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।






















