
এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ১১৫টি পূজামণ্ডপের পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরাও সভায় অংশ নেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, মাধবপুরে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করে আসছেন। এবারও পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সতর্ক থাকবে।
সভায় বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতারা নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
























