
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. বখতিয়ার ফিরোজকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি জানান তাঁরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামের নারী-পুরুষ, যুবক ও বিভিন্ন বয়সী মানুষ মিছিল নিয়ে অংশ নেন। আয়োজকদের দাবি, সভাস্থল ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. বখতিয়ার ফিরোজ বলেন, ‘আমি কোনো পদ-পদবির জন্য রাজনীতি করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ১৭ বছর ধরে রাজপথে সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে ঘরবাড়ি ছেড়ে রাজপথে ছিলাম। আপনাদের ভালোবাসা নিয়ে কথা দিচ্ছি, খোকশাবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষিত ও উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।
সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্দেশে বলেন, খোকশাবাড়ী ইউনিয়নবাসীর দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতা বখতিয়ার ফিরোজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁদের ভাষ্য, ফিরোজ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান বাবু। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ‘টুকু ভাইয়ের সমর্থন চাই, ফিরোজ ভাইয়ের বিজয় চাই’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সভার আহ্বানে ছিলেন ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
আলোকিত সময়/রেবারা






















