
এম এ বাছির রাজা মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণ ও স্থাপনার ক্ষতিপূরণ নির্ধারণে অনিয়মের অভিযোগ তুলে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ক্ষতিগ্রস্ত ভূমিমালিকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা বাসস্টেশন এলাকায় মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য হাজী আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য মো. শফিক মিয়া, ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মাসুম বিল্লাহ, মো. নানু মিয়া ও স্থানীয় বাসিন্দা শাহ আলমসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজারমূল্য বিবেচনা না করে পুরোনো মৌজামূল্য অনুযায়ী জমির দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভবন ও দোকানঘরের মূল্যও বাস্তব ব্যয়ের তুলনায় অনেক কম ধরা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মাসুম বিল্লাহ জমি জরিপের সময় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ২৫ শতাংশ কমিশন দাবির অভিযোগও করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বক্তারা বলেন, তাঁরা উন্নয়ন প্রকল্পের বিরোধী নন; তবে জমি ও স্থাপনার ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ সময় জমির দলিল, বর্তমান বাজারমূল্য ও স্থাপনার প্রকৃত নির্মাণব্যয় যাচাই করে ক্ষতিপূরণ পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।
ভুক্তভোগীরা জানান, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাঁরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে মূল্যায়নপ্রক্রিয়ায় কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।



















