
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স,মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. এ. রতন হায়দার, মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ এবং মধুপুর কেন্দ্রীয় মদন গোপাল আঙিনা পূজামণ্ডপের সভাপতি শ্রী সুবল চন্দ্র সাহা।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসব চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।




















