
রাজশাহী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবরের সফরকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠছে রাজশাহী নগরী। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে সড়ক বিভাজকে রং করা, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
রবিবার (১৮ অক্টোবর) সকালে নগরীর বিমান চত্বর ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করার পাশাপাশি জোরকদমে চলছে ধোয়ামোছা ও পরিচ্ছন্নতার কাজ। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নগরীর বিমান চত্বর এলাকায় কাজ করা রংমিস্ত্রি আমিনুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো শহরকে সুন্দর করে সাজানোর কাজ করছি আমরা।
একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাজশাহী সারাদেশের কাছে তুলে ধরতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।”
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনেও দেখা গেছে চরম ব্যস্ততা। রাজশাহী সফর ও সমাবেশ প্রস্তুতি নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে সমগ্র রাজশাহীবাসীর মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই আগমনকে উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ যেন সম্পূর্ণ সফল ও সুশৃঙ্খল হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”
এদিকে সফরের মধ্য দিয়ে অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের আশা প্রকাশ করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, “প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।”
প্রশাসনিক ও নান্দনিক প্রস্তুতির বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সার্থকভাবে সম্পন্ন করতে রাসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা জানিয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী নগরবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ তৈরি হয়েছে।”
সব মিলিয়ে রং-তুলির স্পর্শ, পরিচ্ছন্নতা অভিযান এবং সৌন্দর্যবর্ধনের কর্মযজ্ঞে এখন মুখরিত পুরো রাজশাহী। এখন শুধুই অপেক্ষা ২০ অক্টোবরের—প্রস্তুতি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পুরোপুরি প্রস্তুত পদ্মা পাড়ের এই ঐতিহ্যবাহী নগরী।




















