
জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ লাভলু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই (নিঃ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মণ্ডলপাড়া গ্রামের মো. মোস্তফার একটি পরিত্যক্ত বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেঁতুলিয়া মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলোকিত সময়/রেবারা


















