
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৯ বস্তা সরকারি চাল অনুমতি ছাড়াই পিকআপে পরিবহনের অভিযোগ উঠেছে। চালের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের মুখে আশরাফুল আলম নামে এক ব্যক্তি বলেন, ‘চালগুলো আমার। আপনারা কেন এর কাগজপত্র চাইবেন? এটি সাংবাদিকদের কাজ নয়।’ এ সময় সাংবাদিকদের সঙ্গে তাঁর মারমুখী আচরণের অভিযোগও উঠেছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১১-৮৪১০ নম্বরের একটি পিকআপ ভ্যানে ৯৯ বস্তা সরকারি চাল পরিবহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিকরা। সেখানে চালবোঝাই পিকআপটি দেখতে পেয়ে চালের উৎস, গন্তব্য এবং পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চান তাঁরা। এ সময় পিকআপের চালক সাংবাদিকদের অপেক্ষা করতে বলে আশরাফুল আলমকে ফোন করেন।
কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন আশরাফুল আলম, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা এবং চৌহালী এলএসডিতে কর্মরত শাহাদত হোসেনসহ কয়েকজন। আশরাফুল আলম চালগুলো নিজের বলে দাবি করেন। সাংবাদিকরা সরকারি চাল পরিবহনের বৈধ চালান ও অনুমতিপত্র দেখতে চাইলে তিনি ওই বক্তব্য দেন। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান উপস্থিত সাংবাদিকরা।
একপর্যায়ে চালের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন আশরাফুল আলম বলে অভিযোগ রয়েছে। পরে পিকআপচালককে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন তিনি। এতে সরকারি চালের উৎস ও গন্তব্য নিয়ে আরও প্রশ্ন দেখা দেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছানোর আগেই একটি অসাধু চক্রের মাধ্যমে কম দামে কেনাবেচা হচ্ছে। তাঁদের দাবি, উপকারভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনতে চাপ সৃষ্টি করা হয়। অভাবের কারণে অনেকেই বাধ্য হয়ে এসব চাল বিক্রি করে দেন। পরে সেই চালই বিভিন্ন মাধ্যমে কালোবাজারে সরবরাহ করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, আশরাফুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনাবেচা ও কালোবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন চাল বিতরণ পয়েন্টে সক্রিয় রয়েছে এমন একটি চক্র।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর আগেও প্রায় ১০ টন চালসহ আশরাফুল আলমকে আটক করেছিল বেলকুচি থানা পুলিশ। পরে জব্দ করা চাল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে আগের ওই ঘটনার মামলা ও আইনগত অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে বেলকুচি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ফলে পিকআপে থাকা ৯৯ বস্তা চালের প্রকৃত উৎস, গন্তব্য এবং খাদ্য বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য বরাদ্দ দেওয়া হয়। অথচ সেই চাল পরিবহনের বৈধ কাগজপত্র না থাকা এবং সাংবাদিকদের তথ্য জানতে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কারা কালোবাজারে বিক্রি করছে? উপকারভোগীদের চাল সংগ্রহ করে কারা গড়ে তুলেছে এই চক্র? এর পেছনে খাদ্য বিভাগের কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ৯৯ বস্তা চালের উৎস ও গন্তব্য অনুসন্ধান করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আলোকিত সময়/রেবারা


















