
এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেনের নেতৃত্বে শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজার পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিউদ্দিন (৩১), আশিকুল ইসলাম আপন (২১) ও তামিম মিয়া (১৯)। তাঁদের সবার বাড়ি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানে অভিযান চালায়। এ সময় জানকী ভর (৩০) ও শাহেদ মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত সময়/রেবারা




















