
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি নদীকূলের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙন রোধ ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সহায়-সম্পদ রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। গোদাগাড়ী পৌর এলাকাকে পদ্মার ভাঙন থেকে চিরতরে রক্ষা করতে টেকসই ও স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে।”
পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিনিধিদলে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাঙন এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা এবং জরুরি কাজের রূপরেখা তৈরির নির্দেশ প্রদান করেন।
























