
তুমি,
কেবল তাকিয়ে থাকতে থাকতে —
নির্জনতা নামাতে পারো ;
ভীষণ কোলাহলের মাঝে অদ্ভুত, কোমল,
তীব্র মৌনতার নির্জনতা।
এবং তুমি শেখোনি–
কিভাবে ভালোবাসার চাষ করতে হয়।
ভালোবাসার নেশায় বুঁদ হয়ে
কিভাবে ভরে তুলতে হয় —
শত শতাব্দীর জেগে থাকা তৃষ্ণার্ত বুক।
তুমি,
কেবল তাকিয়ে থাকতে থাকতে
অন্য বুকে সফেন সমুদ্রের মত
শব্দ জাগাতে পারো ;
তীব্র নৈঃশব্দের কান্না ভেঙে,
তুলে ধরতে পারো গহীনে
ভীষণ নির্জনতার আয়না।
এমন শব্দহীন শব্দ হবার সুখ
তোমার জানা নেই।
জানা নেই,
কিভাবে হতে হয় আর্দ্রতায় পরিপূর্ণ পাথর।
ধ্যানী সন্ত’র মত
দারুণ প্রেমে মত্ত হয়ে পতন সর্বস্ব’র মাঝে
নিজেকে ভাসিয়ে রাখতে শেখোনি।
তুমি,
কেবল তাকিয়ে থাকতে থাকতে
অ্যাকোর্ডিয়ানের মত —
অদূরে কান্নার অনুভূতি জাগাতে পারো ।
নিঃস্ব, শূন্যতার দীর্ঘশ্বাস বুনে দিতে পারো
হৃৎপিণ্ডের মহাশূন্যতায়।
“শহিদুল ইসলাম জিতু”





















