
ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন।
অভিযানে বাজারের প্রধান সড়ক, অভ্যন্তরীণ গলি, ড্রেন, মাছবাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা।
অভিযানকালে ইউএনও বনি আমিন বলেন, তজুমদ্দিন বাজার উপজেলার প্রাণকেন্দ্র। বাজার পরিচ্ছন্ন থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে বাজারটিকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।
বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ভবিষ্যতেও প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।



















