
(নাটোর) প্রতিনিধি: অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স
শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) রাত ১:১৫ ঘটিকায় অমরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অমরপুর গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২২)-এর টিনসেট বিল্ডিংয়ের উত্তর দুয়ারী নিজ শয়নঘর থেকে অভিযুক্ত আকাশ হোসেন ও তার ১৬ বছর বয়সী ছোট ভাইকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া ও বেটিং চালিয়ে আসছিল।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) দুপুরে নাটোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























