
(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার ধুনট উপজেলায় চিকিৎসাসেবায় এক নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। উপজেলা পর্যায়ে সাধারণ ও হৃদরোগে আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের চিকিৎসাসংকট লাঘব করতে এই প্রথমবার নিয়মিত রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন বগুড়ার সুনামধন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ সালেহ (লিংকন)।
এরই ধারাবাহিকতায় আজ (০৯ অক্টোবর) শুক্রবার বেলা ১১টার দিকে ধুনট পৌর এলাকার থানা রোডস্থ হাসপাতাল গেটের সামনে অবস্থিত হযরত শাহ পরাণ (র.) জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়মিত চেম্বার ও রোগী দেখা শুরু করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ে এর আগে কোনো স্থায়ী বা নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় এলাকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য প্রতিনিয়ত জেলা শহর বগুড়া বা রাজধানী ঢাকায় ছুটতে হতো। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ও সময় অপচয় হতো এবং অনেক সময় রোগীরা চরম সমস্যায় পড়তেন।
ধুনট বাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট লাঘব করতে ডা. মোঃ সালেহ প্রতি শুক্রবার এই হাসপাতালে নিয়মিত রোগী দেখার মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে, প্রথমবারের মতো ধুনট উপজেলায় কোনো কার্ডিওলজি স্পেশালিস্ট চিকিৎসক নিয়মিত রোগী দেখা শুরু করায় স্থানীয় রোগী ও সচেতন মহলের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
আনুষ্ঠানিক চেম্বার শুরুর প্রাক্কালে হযরত শাহ পরাণ (র.) জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হযরত শাহ পরাণ (র.) জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশিদ, শ্রী রিপন কুমার ঘোষ, ল্যাব টেকনোলজিষ্ট সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রোগীসাধারণের জন্য আরও একটি বড় সুসংবাদ হলো— এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিত এই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবার পাশাপাশি হৃদরোগ নির্ণয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পরীক্ষা ‘ইকোকার্ডিওগ্রাম এই হাসপাতালেই নিয়মিত সম্পন্ন করা হবে। ফলে স্থানীয় রোগীরা এখন নিজ এলাকাতেই খুব সহজেই সুলভ মূল্যে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুবিধা গ্রহণ করতে পারবেন।
চিকিৎসক ডা. মোঃ সালেহ ধুনটবাসীর সুচিকিৎসায় নিজের সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

























