
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬ নম্বর আওড়াবুনিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শামসুল হক সুমনের অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। একসময় আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি সামনে আসায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রাপ্ত একটি দলীয় কমিটির তালিকায় দেখা যায়, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর তারিখে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগ, কাঠালিয়া উপজেলা শাখার আওড়াবুনিয়া ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ শামসুল হক সুমনের নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় তাঁর নাম ও পদটি চিহ্নিত করা হয়েছে। এটি তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে আলোচনায় এসেছে।
শুধু কমিটিতে পদ পাওয়াই নয়, স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের শাসনামলে তিনি দলটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং তাঁর বাড়িতে নেতাকর্মীদের যাতায়াত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
২০২৩ সালের বিজয় দিবসের অনুষ্ঠানেও আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তার উপস্থিতির দৃশ্য দেখা যায়। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শামসুল হক সুমনের উপস্থিতির বিষয়টিও আলোচনায় এসেছে। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সম্পৃক্ততার ছবি রয়েছে।
এসব ছবি ও কমিটির তালিকা তাঁর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নের ভিত্তি তৈরি করেছে। ফলে তাঁর বর্তমান রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কেও এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শামসুল হক সুমনের রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পর তিনি বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হন।
পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক পরিচয়ে যুক্ত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তিনি কাঁঠালিয়া উপজেলা সহসভাপত।
স্থানীয় রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থী সংগঠনে তাঁর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার পেছনে কারণ কী?
স্থানীয় কয়েকজনের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে তিনি দলীয় পরিচয়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আবার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর নতুন রাজনৈতিক পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
অন্যদিকে, রাজনৈতিক পরিচয় পরিবর্তন একজন ব্যক্তির নিজস্ব অধিকার। কিন্তু অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য এবং স্বচ্ছতা থাকা জরুরি বলে মনে করেন সচেতন মহলের অনেকে।
বিশেষ করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওড়াবুনিয়ায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় শামসুল হক সুমনের অতীত রাজনৈতিক ভূমিকা ও বর্তমান দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।





















