
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম তালুকদারকে ঘিরে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় ভোটারদের একটি অংশের দাবি, তাঁর প্রতি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সমর্থন বাড়ছে।
মোঃ তরিকুল ইসলাম তালুকদার হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন বলে জানান তাঁর সমর্থকরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ তৈরি হয়। তিনি নির্বাচিত হলে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, হারতা ইউনিয়নকে মাদকমুক্ত, দখলমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তরিকুল ইসলাম তালুকদার বলেন, “আমি আশাবাদী, হারতা ইউনিয়নের মানুষ তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষকের দাবি, চেয়ারম্যান নির্বাচিত না হয়েও তরিকুল ইসলাম তালুকদার ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও বিভিন্ন পূজামণ্ডপে সহযোগিতা করেছেন বলে তাঁরা জানান।
স্থানীয় সমর্থকদের মতে, এসব সামাজিক কর্মকাণ্ডের কারণে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের মধ্যে আলোচনা ও প্রচারণা চলছে বলেও দাবি তাঁদের।
এদিকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে তরিকুল ইসলাম তালুকদার দলের শীর্ষ নেতৃত্ব এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, হারতা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ লক্ষ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
আলোকিত সময়/রেবারা


















